মান্দা প্রতিনিধিঃ-
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিনের তৃণমূল নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করে তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রসাদপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,“ডা. ইকরামুল বারী টিপু ৩২ বছর ধরে মান্দা উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছেন। তিনি তৃণমূলের নেতা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তাঁর নেতৃত্বে মান্দায় বিএনপি আজ ঐক্যবদ্ধ।”
নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মান্দার প্রকৃত তৃণমূলের চাওয়া যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়। দলের যে মানদণ্ডে প্রার্থী নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে ডা. ইকরামুল বারী টিপুই সবচেয়ে যোগ্য প্রার্থী।”
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন-শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব এমদাদুল হক, তাঁতি দলের উপজেলা সভাপতি জেএম নাজিমুদ্দিন, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নূর বক্স মন্ডল, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ভ্যালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক ও শফিকুল ইসলাম, কালিগ্রাম ডোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক যুবদল নেতা আল মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি তালহা জুবায়ের।
বক্তারা বলেন,“মান্দা আসনে অনেক যোগ্য নেতা আছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও তৃণমূলে জনপ্রিয় ব্যক্তি ডা. ইকরামুল বারী টিপু। তাঁকে মনোনয়ন দিলে এখান থেকে শতভাগ বিজয় নিশ্চিত।”
তাঁরা আরও বলেন,“ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে বিএনপির অবস্থান মান্দায় আরও সুদৃঢ় হবে, জনগণের আস্থা ফিরে আসবে। তাই তাঁকে মনোনয়ন দিয়ে মান্দা আসনকে ধানের শীষের দুর্গে পরিণত করার সুযোগ দিতে হবে।”
সংবাদ সম্মেলনের শেষে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,“তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতীক ডা. ইকরামুল বারী টিপু। তাঁকে মনোনয়ন দিলে মান্দা থেকে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী।”
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics