সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-
মানিকগঞ্জে স্ত্রী সাথী আক্তারকে হত্যার দায়ে স্বামী নাঈমকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বেলা 11 টার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী জানা যায, গত ২০২২ সালের ২৯ জানুয়ারি রাত আনুমানিক একটার পর সাথী আক্তারের পিতার বাড়িতে এসে আসামি নাঈম মল্লিক সুকৌশলে ঘরের জানালার ফাঁক দিয়ে সাথী আক্তারের শয়ন কক্ষে এসিড ছুড়ে মারলে সাথী আক্তারের মুখ মন্ডলসহ শরীর পুড়ে ঝলসে যায়।
এরপর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর সাথী আক্তার মারা যান। ঘটনার দিনই সাথী আক্তারের মামা লাল মিয়া এই ঘটনায় নাঈমকে আসামি করে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানার তৎকালীন ওসি আশরাফুল আলম নিজেই মামলার তদন্ত করেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলাটি বিচারের নিমিত্তে ২০২২ সালের ১২ এপ্রিল আসামি নাঈমকে অভিযুক্ত করে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন ৪/৫ (খ) ধারায় বিজ্ঞ আদালতে দাখিল করেন।
সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম মল্লিকের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাঈম মল্লিক ঘটনার এক বছর আগে সাটুরিয়া উপজেলার ফেরাজীপাড়া গ্রামের আব্দুস ছাত্তার এর মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন। এর আগে ২০২১ সালের ১০ই সেপ্টেম্বর আসামি নাঈম মল্লিক সাথী আক্তারকে তালাক দেন । রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীগনের সাক্ষ্যে বর্ণিত বক্তব্য হতে রাষ্ট্রপক্ষের মামলা সংক্ষেপে জানা যায়, বিবাহের পর হতে বিভিন্ন সময় ও তারিখে পারিবারিক কলহের জের হিসাবে তার সাথী আক্তারের সাথে ঝগড়াঝাটি ও মারপিট করাসহ শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন করতো।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics