সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃষ্টি উপেক্ষা করে প্রায় দুই লক্ষাধিক মানুষ উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কালিগঙ্গা নদীতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার। নদীর তীরজুড়ে জমায়েত হয় প্রায় দুই লক্ষাধিক মানুষ। দর্শক নদীর দুই পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই যেন ফিরে যান শেকড়ের সেই আনন্দঘন গ্রামীণ উৎসবে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দিনব্যাপী কাটান নদীর পাড়ে আনন্দময় পরিবেশে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম ।
এবারের প্রতিযোগিতায় অংশ নেয় মানিকগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলার ঘাসি, পানসী, ছিপাসহ মোট ৩০টি নৌকা। নৌকাগুলোর নাম ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী, যেমন- শেরে বাংলা ভিটাপাড়া , জনতা এক্সপ্রেস, মা-বাবার দোয়া, ‘সোনার তরী’, ‘তরঙ্গ’, ‘স্বাধীন বাংলা’, ‘চাচা-ভাতিজার নৌকা’।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলার “শেরে বাংলা ভিটাপাড়া”। চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল। রানার-আপ দলকে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হয়েছে রঙিন এলইডি টেলিভিশন। এছাড়াও অংশগ্রহণকারী সকল নৌকার দলকে দেওয়া হয় সনদ ও সান্ত্বনা পুরস্কার।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics