Daily Frontier News
Daily Frontier News

পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক আলমগীর হোসেন গ্রেফতার

 

পিরোজপুর জেলা প্রতিনিধি:-

 

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যাপক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাকে পিরোজপুরের পুরাতন সিও অফিস সংলগ্ন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সকালে দলীয় কাজ শেষে বাসায় দিকে যাওয়ার সময় থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

অধ্যাপক আলমগীর হোসেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ছাড়াও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সংগঠনের বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন। তাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শী পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মো. কামরুজ্জামান চাঁন বলেন, সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীরের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে তিনি বাসায় ফেরার পথে সিও অফিস এলাকা থেকে তাকে পুলিশ মোটরসাইকেলে করে তুলে নিয়ে গেছে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, শহরে বিশৃঙ্খলা চলছে তাই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে আরও কিছু লোক গ্রেফতারের চেষ্টা চলছে। পরে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

Daily Frontier News