মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো
নির্দিষ্ট সময়সীমার মধ্যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
বুধবার (২৯ মার্চ) চসিকের টাইগারপাস কার্যালয়ে চসিকের প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উপহার হিসেবে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এই প্রকল্পকে ঘিরে আমার অনেক স্বপ্ন। এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের ওয়ার্ড পর্যায়েও কোনো কাঁচা সড়ক থাকবেনা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভবিষ্যতে চট্টগ্রামে আন্তর্জাতিক বড় বড় বিনিয়োগ আসবে। ফলে, একদিকে চট্টগ্রামের বেকারত্বের সমস্যার সমাধান হবে অন্যদিকে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের বাণিজ্যিক হাব।
সিটি মেয়র বলেন, আমি চাই আড়াই হাজার কোটি টাকার প্রকল্প মানসম্মতভাবে সময়সীমার মধ্যে শেষ হোক। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর পিসি রোডের ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কঠোরভাবে লড়াই করে আমি পিসি রোড সম্পন্ন করেছি। আড়াই হাজার কোটি টাকা প্রকল্পও আমি কঠোরভাবে পর্যবেক্ষণ করবো। কোন কর্মকর্তা বা ঠিকাদারের অবহেলায় এই কাজ বিলম্বিত হলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নিব।”
এসময় ঠিকাদাররা প্রকল্প শেষ করার ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরলে ঠিকাদারদের আশ্বস্ত করে মেয়র বলেন, এই প্রকল্পের সব টাকাই সরকার প্রদান করবে তাই বিল পাওয়ার বিষয়ে ঠিকাদারদের কোন ভোগান্তি পোহাতে হবেনা। আপনারা মানসম্মত কাজ করুন, সময়মতো প্রকল্প শেষ করুন।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মোহম্মদ ইসমাইল, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ চসিকের প্রকৌশলীবৃ্ন্দ ও ঠিকাদারবৃন্দ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics