মোঃ রবিউল ইসলাম মন্ডল নালিতাবাড়ী (শেরপুর)প্রতিনিধি:-
আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যুবলীগের পদধারী নেতাদের সাথে নির্বাচনী প্রচারণা ও ভুক্তভোগী এক ব্যক্তিকে জমি পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে সাবেক যুবদল নেতা দৌলত আলী হাবুলের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন ভুক্তভোগী বিশগিরিপাড়া গ্রামের হাবিবুর রহমান হবি।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান হবি জানান, ২ কাঠা জমি নিয়ে তার ফুফুর সাথে দ্ব›দ্ব চলছে। এমতাবস্থায় জমি ফেরত পেতে সম্প্রতি ৫নং রামন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলত আলী হাবুলের দ্বারস্থ হন তিনি। এসময় জমি পাইয়ে দেওয়ার কথা বলে হাবুল তার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। হাবিবুর জমি প্রাপ্তি সাপেক্ষে টাকা দেওয়ার কথা জানালে হাবুল সিনিয়র নেতাকে অগ্রীম দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা ঘুষ নেন। পরে জমি সংক্রান্ত বিষয়টি মিমাংসা না করে কালক্ষেপণ করলে হাবিবুর তার টাকা ফেরত চান। একপর্যায়ে লেনদেনের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে হাবুল ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় বিষয়টি স্থানীয় সংবাদকর্মী ওসমান ফারুককে জানালে ওসমান ফারুক এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেন।
এদিকে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে দৌলত আলী হাবুল ১২ ফেব্রুয়ারি বুধবার বিশগিরিপাড়া বাজারে কতিপয় সংবাদকর্মীকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদকর্মী ওসমান ফারুককে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হবি অভিযোগ করে আরও বলেন, দৌলত আলী হাবুল নিজেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দাবী করলেও গেল জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। শুধু তাই নয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। এসময় তিনি ওই প্রচারণার ছবিও তুলে ধরেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics