আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-
নদী দখল-দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নদীকর্মী ও বিশেষজ্ঞদের সারাদেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারে তরী বাংলাদেশ “তিতাস থেকে বুড়িগঙ্গা” অভিযাত্রা শেষে ঢাকায় নদী সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র নতুন টার্মিনাল ভবনে লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ মতবিনিময় সভায় অংশ নেন। এরই আগে তরী বাংলাদেশ ‘নদী সুরক্ষায় একসাথে’ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর আনন্দবাজার নৌঘাট থেকে এ যাত্রা শুরু করে।
তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ২৪ হাজার কিলোমিটার দীর্ঘ নৌপথ ছিল। কিন্তু এখন বর্তমানে ৬ হাজার কিলোমিটার আছে। বাকি ১৮ হাজার কোথায় গেল? তিনি সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই প্রশ্নটি রেখে দেশের দীর্ঘ নৌপথ পুনরুদ্ধার এবং নদীর দখল-দূষণ প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় লেখক ও সম্পাদক গাজী তানভীর আহমদ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) একেএম আরিফ উদ্দিন বলেন, ‘একজন ঋণখেলাপি যদি নির্বাচনে অযোগ্য হয়, সেক্ষেত্রে নদী দখল-দূষণকারী কেন অযোগ্য হবে না? নদী রক্ষা কমিশনের সুপারিশ ছিল নদী দখলকারী নির্বাচনে যোগ্য বিবেচিত হবে না। এটা কার্যকর করা দরকার। মহামান্য হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছে। এ অর্থে নদীর দখল-দূষণকে প্রাণ হত্যার মানদন্ডে বিবেচনা করতে হবে। আমাদের সমাজে এমন বোধ তৈরি করতে পারলে নদী দখল-দূষণ অনেকাংশেই কমে যাবে। নদীর ব্যাপকভাবে দখল করা হচ্ছে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি ও ছত্রছায়ায়।এটা রোধ করা জরুরি। সেই সাথে তিনি তিতাসে নৌ যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সারাদেশে নৌপথের সম্প্রসারণের উপর গুরুত্ব প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, নদীভিত্তিক সংগঠন ‘আমরা দুর্বার’-এর সভাপতি এ সালাম সময়, সেন্টার ফর ল’ এন্ড পলিসি অ্যাফেয়ার্স-এর সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, পরিবেশ আন্দোলন মঞ্চ-এর সাধারণ সম্পাদক জিএম রুস্তম খান, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন-এর সমন্বয়ক মিহির বিশ্বাস, নদীভিত্তিক সংগঠন রিভারাইন পিপল-এর মহাসচিব শেখ রোকন, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান (ব্রাহ্মণবাড়িয়া) উজ্জ্বল চক্রবর্তী,
সম্পাদক ও বহুমাত্রিক লেখক মোস্তাফিজ শফি,
.
এক সময় প্রত্যেক বক্তারাই বলেন, তিতাস নদী থেকে ঢাকার বুড়িগঙ্গায় নৌপথে আসার যে সাহস তরী বাংলাদেশ দেখিয়েছে তা আমাদের জন্য অনুসরণযোগ্য। রাষ্ট্র এই দুঃসাহসিক অভিযাত্রাকে আইকনিক উদাহরণ হিসেবে নিয়ে পণ্য এবং যাত্রী পরিবহনে মনোযোগ দিতে পারে।

তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের নদী, খাল, পুকুর এবং জলাশয় দখল-দূষণের বিরুদ্ধে কাজ করে আসছে। তারা “তিতাস থেকে বুড়িগঙ্গা” নৌপথ অভিযাত্রার মাধ্যমে সারাদেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারের পাশাপাশি নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, নদীর সাথে খালের সংযোগ নিশ্চিতকরণ, পণ্য ও যাত্রী পরিবহনের নৌপথের গুরুত্ব বাড়ানো, নো-নিরাপত্তা নিশ্চিতকরণ প্রভৃতি দাবি জানায়। এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নদীকর্মীগণ এবং উপস্থিত অতিথিবৃন্দ সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা পাবার প্রত্যাশা ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, জুবাইদুর রহমান মেহেদি, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, নদী ও পরিবেশ কর্মী এফ এইচ সবুজ, বিজয়নগর শাখার আহবায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়া ও সদস্য সচিব আলমগীর হোসেনসহ নদী ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics