গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
গাউসুল আযম বড় পীর হযরত আবদুল কাদের জিলানি (র.) এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো; ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ বলতে এগারো এর ফাতিহা শরিফকে বোঝায়। এককথায় রবিউস সানি মাসের ১১ তারিখের ইছালে সওয়াব মিলাদ মাহফিলকে ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ বলে।
তা ফারসি ভাষার প্রভাবে বাংলাদেশ-ভারত-পাকিস্তান উপমহাদেশসহ আফগানিস্তান, ইরান, বৃহৎ রাশিয়ার মুসলিম-অধ্যুষিত অঞ্চল, ইরাক প্রভৃতি স্থানে ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ অর্থাৎ এগারো এর ফাতিহা নামে উদযাপিত হয়।
এই পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ইমামুল আউলিয়া পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (র.) এর স্মরণে পালিত হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওলিকুল শিরোমণি ১০৭৭ খ্রিষ্টাব্দ মোতাবেক ৪৭০ হিজরি সালের ১ রমজান ইরাকের বাগদাদের প্রায় ৪০০ মাইল অদূরে জিলান নগরের সুবিখ্যাত সাইয়্যেদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত সাইয়্যেদ আবু সালেহ মুসা। মাতার নাম উম্মুল খায়ের ফাতেমা। তার বাবার বংশ হযরত ইমাম হাসান (রা.) এর সঙ্গে এবং মায়ের বংশ হযরত ইমাম হোসাইন (রা.) এর সঙ্গে মিলিত হয়; এ কারণে তাকে ‘আল-হাসানি ওয়া আল-হোসাইনি’ বলা হয়।
অন্যদিকে কামেল পীর, অলি, দরবেশ, ফকির এসেছেন , আসবেন।
কিন্তু সব পীর, ফকির, দরবেশ, অলির সেরা হযরত আবদুল কাদের জিলানী রহ.। মহানবী হযরত মুহাম্মদ সা.-এর পর প্রায় ৫০০ বছর পর হযরত আব্দুল কাদের জিলানী রহ: জম্ম গ্রহণ করেন। তখন ইসলাম ধর্ম এক নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছিল।
পবিত্র কোরআন ও আল্লাহর রাসুল সা.-এর আদর্শ ভুলে মানুষ বিপথে পা বাড়িয়েছিল, ঠিক এমনি সময় হযরত বড়পীর ইসলামের পথে মানুষকে ডাক দিয়েছিলেন।
তিনি বাগদাদের মহান পীর হযরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির রহ. কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।
শুধু আজকের দিনই নয়, পুরো রবিউস সানি মাসেই ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মিলাদ মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি পালন করেন মুসলমানরা।
মাসিক পবিত্র বারভি শরীফ ও ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দেশের অধিকাংশ মসজিদ, দরবার,মাজার ও খানেকা শরীফে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে, বাদ মাগরিব থেকে নাতে রাসুল (দ.), খতমে গাউছিয়া শরীফ, মিলাদ-কিয়াম ও আখেরি মুনাজাত।
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, সাংবাদিক ও ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক এবং সিনিয়র সহ-সভাপতি বুড়িচং প্রেসক্লাব, কুমিল্লা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics