জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ১৮ জন ক্যাটারিং কর্মী নসিমনে করে বাগেরহাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫৩৩৭৫) একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর ইয়াসিন মারা যান। খুলনা নেওয়ার পথে শাহীন নামের একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) দেওয়ার জন্য তারা নসিমন গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলেন। তাদের বহন করা নসিমনটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যান। এছাড়াও গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, চরজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একজন সুস্থ রয়েছেন, দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন এখানে নিয়ে আসার পর মারা গেছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা পাঠিয়েছি। দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে আনার পর মারা গেছেন। খুলনা নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে পিরোজপুরের ধুপপাশা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics