রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি:-
. জেলা শেরপুরের নালিতাবাড়ীতে বাইসাইকেল আরোহী কিশোরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী এনজিও ও ব্র্যাক কর্মী মোস্তাফিজুর রহমান (২৭)।
সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ি-শেরপুর মহাসড়কের নলজোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে বলে জানা যায় । তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর তিনআনী শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের নলজোরা বাজার অতিক্রম করে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। এ সময় উল্টো ও রং সাইডে আসা বাইসাইকেল আরোহী কিশোরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। একই সময়ে অন্য পাশে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics