মাসুদ পারভেজ সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে জসিম উদ্দিন নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে একটি পুরাতন বিল্ডিং ভাঙার সময় দেয়াল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, পরিত্যাক্ত ভবনটি ভাঙার কাজ চলাকালীন সময়ে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের নাম জসিম উদ্দিন। সে সাব-ঠিকাদার হিসেবে এই বিল্ডিং ভাঙার কাজ নিয়েছিলো। নিহতের ভাই ঘটনাস্থলে আসছে। আহতের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভবনটি ভাঙার কাজ শুরু করার আগে সিটি করপোরেশনের অনুমতি নেয়া হয়নি বলেও জানান শৈবাল দাশ সুমন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics