মাসুদ পারভেজ
চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৪ মে। এদিন ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।
প্রথম ফ্লাইটে মদিনা যাবেন ৪১৯ জন হজযাত্রী।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনায় এ বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট।
এরমধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে, দুটি ফ্লাইট যাবে মদিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন জানান, ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে।
প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী মদিনা যাবেন।
এর আগে ৯ মে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে।
ঢাকা থেকে এদিন হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পালিত হতে পারে হজ। প্রতিবছর সাধারণত একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics