মাসুদ পারভেজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক পরিবারগুলোর জন্য নির্মাণাধীন বহুতল ভবনের কাজ পরিদর্শন করলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ ফ্ল্যাট প্রকল্পের আওতাধীন জামালখান ঝাউতলা সেবক কলোনির প্রথম তলার ছাদ ঢালাই পরিদর্শন করেন তিনি। এছাড়াও এদিন মেয়র ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ ত্রিপুরা খাল, হাটহাজারী সড়কসহ বিভিন্ন ছোট বড় নালার বর্তমান অবস্থা পরিদর্শন করেন।
ঝাউতলার সেবক কলোনির প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, একসময় সেবকরা ছিলেন সমাজের উপেক্ষিত শ্রেণি। প্রধানমন্ত্রী সমাজের এই প্রান্তিক গোষ্ঠীর আবাসনের অধিকার প্রতিষ্ঠায় এই মহতী প্রকল্প নেয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঝাউতলা সেবক কলোনিতে ৩৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে ১৪ তলা বিশিষ্ট নতুন ভবনে ফ্ল্যাট পাবেন ১৫০টি সেবক পরিবার। উন্নয়নের সুফল যাতে সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীও ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমৃত্যু কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনজুমান আরা, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীম, উপ-সহকারী প্রকৌশলী নিজাম হোসেন রাসেল, ঠিকাদার মো. কাশেমসহ সেবক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, পরিচ্ছন্ন সেবকদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৩০ কোটি টাকা ব্যয়ে নগরীর পাথরঘাটা সেবক কলোনিতে ২টি, জামাল খান ঝাউতলা সেবক কলোনিতে ১টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১টি ও সাগরিকায় ১টিসহ মোট ৫টি ভবন নির্মিত হচ্ছে। এই ৫টি ভবনের ঠাই হবে ৮০০ সেবক পরিবারের। ফ্ল্যাটগুলো কমন স্পেসসহ ৮০১ বর্গফুটের। প্রতিটি ফ্ল্যাটে থাকছে ২ টি বেডরুম, ২ টি বারান্দা, ১ টি করে লিভিং ডাইনিং, টয়লেট, শাওয়ার ও কিচেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics