জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশ ছিল দূর্ভিক্ষের রাষ্ট্র, প্রাকৃতিক দূর্যোগের রাষ্ট্র। বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরসূরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ। চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
১ এপ্রিল (শনিবার) পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জাটকা সংরক্ষন সপ্তাহ -২০২৩ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাননীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না। দেশে ছয় লেনের রাস্তা হতো না। এমনকি পিরোজপুরের এই কঁচা নদীর উপরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুও নির্মান হতো না।
এসময় মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী আরোও বলেন, ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের উৎপাদন ছিলো ২ লক্ষ ৯৮ হাজার মেট্রিক টন যা ২০২২-২৩ এ এসে পৌঁছেছে ৫ লক্ষ ৬৭ হাজার মেট্রিক টনে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. নাহিদ রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, নৌপুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এস এম এনামুল হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক।
মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে শেষে জাটকা রক্ষায় জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর প্রতিনিধিসহ কয়েকহাজার জেলে ও মৎস্যজীবীদের সাথে পিরোজপুরের হুলারহাট লঞ্চ ঘাট থেকে কচা নদীতে বর্ণাঢ্য নৌর্যালিতে অংশ নেন মন্ত্রী।
উল্লেখ্য, ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’-এ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩ এবং চলবে ৭ এপ্রিল পর্যন্ত। জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics