আবু জাহান তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি।
ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারত বাংলাদেশের সাথে আমাদের যে বন্ধুত্ব রয়েছে বর্ডার হাটগুলোর মাধ্যমে তার আরও সুদৃঢ় হবে এবং আরও বাড়বে। বর্ডার হাট গুলোর মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। হাটগুলো স্থাপন হওয়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থান হবে।
এসময় তিনি বিজয় দিবসে দেশের মানুষকে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপুর্ন একটি দিন বলে মন্তব্য করেন।
পরিদর্শনের আগে বাগানবাড়ি বর্ডার হাট প্রাঙ্গনে দুই দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, বিএসফ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠকে সুনামগঞ্জে তিনটি বর্ডার হাট ও শুল্কস্টেশনগুলোকে আরো উন্নত করার লক্ষে আলোচনা করা হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে বর্ডার হাটের নানা সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন হাই কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আবদুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা প্রমুখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics