দলিল উদ্দিন গাজীপুর
টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে সেলফি পাঠিয়ে ‘খুশি থাকো, বাই’ লিখে প্রাণ দিয়েছেন আঁখি আক্তার রুমি (২০) নামে এক গৃহবধূ। শনিবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
রুমি যশোরের মনিরামপুর থানার তেঁতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ইব্রাহীমের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, স্বামী সুমনের সঙ্গে ওই এলাকায় বাস করতেন রুমি। সুমন বাসার পাশে একটি বাড়িতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সাংসারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে শনিবার দুপুরে সুমনের মোবাইল ফোনে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায়। সেলফির মেসেজে লেখা ছিল, ‘খুশি থাকো, বাই’। মেসেজ পেয়ে দ্রুত বাসায় যান সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভেঙে ভেতরে ঢোকে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন সুমন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics