কুমিল্লা প্রতিনিধি।।
সোনাগাজীতে পূর্বশত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা সফি উল্যাহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন জামশেদ আলম (৪২)। তবে সেই সাজা থেকে বাঁচতে ১৯ বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। এরপরও তাঁর শেষ রক্ষা হয়নি। অবশেষে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়তে হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকার আদাবর এলাকার এক বাড়ি থেকে জামশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামশেদ আলম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে।
মামলা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে উপজেলার চর কৃষ্ণজয় এলাকায় জামশেদ আলমসহ ১০ থেকে ১২ জন পূর্বশত্রুতার জেরে সফি উল্যাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এরপর সফি উল্যাহকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় সফি উল্যাহর পরিবারের পক্ষ থেকে জামশেদ আলমসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে ওই মামলায় জামশেদকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। ছয় মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে জামশেদ গোপনে দুবাইয়ে পালিয়ে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। দীর্ঘ শুনানি শেষে আদালত জামশেদসহ সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইতিমধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও অন্যরা পলাতক।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics