সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:
মানিকগঞ্জে মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ওই স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেফতার করেছে র্যাব ৪ মানিকগঞ্জ সিপিসি – ৩
আজ ভোর ৪টার দিকে পালানোর সময় ঢাকার মহানগরীর বাড্ডা থানা এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে র্যাব।
সোমবার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে মানিকগঞ্জ র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব ৪ মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।
এর আগে রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় ওই প্রধান শিক্ষককে কোপানোর ঘটনা ঘটে।গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে। সে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়তো। হামলার শিকার মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, রাজু আহমেদ ২০২২ সালে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করার সময় স্কুলের নিয়ম শৃঙ্খলা অমান্য করে চলত। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের সাথে খারাপ আচরণ ও পরিক্ষায় অসাদুপায় অবলম্বন এবং প্রায় সময়ই ছাত্রীদের উত্যক্ত করতো। এনিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। পরে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এসময় রাজু স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের উপর ক্ষিপ্ত হয়। এরই জেরে গত রোববার বেলা সোয়া ১২ দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার পথে বালিরটেক বাজারে আসা মাত্রই পিছন থেকে রাজু ও তার সহযোগীরা মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics