Daily Frontier News
Daily Frontier News

বায়েজিদে অসুস্থ সেজে নারীর প্রতারণা, ৫ অপহরণকারী গ্রেফতার

 

মাসুদ পারভেজ

অসুস্থতার ভান করে এক ব্যক্তিকে অপহরণের পর লুট এবং চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানাধীন এশিয়াটিক কটন মিল এলাকা থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন আলীনগর শনির ঘোনা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম শরীফ (২২), আলী নগর এলাকার মো. রমজান আলীর ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২২), বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর মৃর্ধাপাড়া এলাকার মৃত মো. ইয়াছিনের ছেলে মো. হৃদয় (২২), একই এলাকার আবদুল মজিদের ছেলে ওয়াজেদ হোসেন টিটু (২২) এবং চট্টগ্রামের ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা গ্রামের নুরুল আবছারের ছেলে মো. মিনহাজুল আবেদীন মারুফ (২২)।

তাদের মধ্যে আমিনুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র, চুরি, মারামারি ও হত্যাচেষ্টার চারটি মামলা, তোফাজ্জল হোসেন হৃদয়ের বিরুদ্ধে দ্রুত বিচার, অস্ত্র, চুরি, মারামারি, হত্যাচেষ্টার পাঁচটি মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, অপহরণের তিনটি মামলা রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, আরাফাত রহমান সানি নামের এক টাইলস মিস্ত্রি জুমায়রা ডেভেলপার কোম্পানিতে চাকুরি করেন। গত বুধবার দিনগত রাত পৌনে ১০টার দিকে বাসায় ফেরার পথে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় একজন অজ্ঞাতপরিচয় নারী নিজেকে অসুস্থ জানিয়ে সানির কাছে কাকুতি-মিনতি করে রৌফাবাদের বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই নারী মূলত প্রতারক। অসুস্থতার ভান করে সানিকে রৌফাবাদ নিয়ে যান। এসময় সানি ওই নারীকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দিতেই কয়েকজন আসামি তাকে টেনেহিঁচড়ে পাশের এশিয়াটিক কটন মিলের ভেতরে নিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা নগদ টাকা, সোনার আংটি ও ঘড়ি ছিনিয়ে নেয়।

এরপর সানিকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সানি মোবাইল ফোনে এলাকার বড় ভাই বাবু আহমেদকে ঘটনা জানান। এরপর বাবু আহমেদ ২০ হাজার টাকা নিয়ে সানিকে ছাড়িয়ে আনতে যান। এসময় আসামিরা বাবু আহমেদকেও আটক করে ২০ হাজার টাকা ছাড়াও তার কাছে থাকা আরও ১২ হাজার টাকা এবং মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৬ হাজার টাকা ক্যাশ আউট করে নেয়। পরে মারধর করে মামলা না করার ভয় দেখিয়ে তাদের ছেড়ে দেয়।

ঘটনার পর দিন বৃহস্পতিবার বিকেলে সানি বিষয়টি থানা পুলিশকে জানান। পরে অভিযান চালিয়ে এশিয়াটিক কটন মিল এলাকা থেকে পাঁচ অপহরণকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুরো ঘটনায় প্রতারক নারীসহ ১১ জন জড়িত ছিলেন।

তাদের বিরুদ্ধে শুক্রবার অপহরণ, লুট, চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে বলে জানান ওসি সঞ্জয় কুমার।

Daily Frontier News