Daily Frontier News
Daily Frontier News

ফলাফল ঘোষণার পর নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

 

শাহিন শওকত 

 

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ায় কর্মী-সমর্থকদের উপর ৪০-৫০টি হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর। এসব ঘটনায় ২০-২৫ জন নৌকার কর্মী আহত হয়েছে বলে অভিযোগ নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আ.লীগ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কারিবুল হক রাজিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

এসময় কারিবুল হক রাজিন বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা নৌকার প্রতীকের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এমনকি এসব ঘটনায় কয়েকজন নৌকার কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পুলিশকে বারবার বললেও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ভাই ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে এসব ঘটনায় মামলা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক মেয়র রাজিন আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী টুটুল খানের ক্যাডার বাহিনী হিমেলের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেল গিয়ে নৌকার কর্মীদের হুমকি ধামকি দিয়ে আসে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রায় পৌরসভার বিভিন্ন স্থানে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এমনকি নির্বাচনের দিন নৌকার আনন্দ মিছিলে টুটুল খানের ক্যাডার ইব্রাহিম, ইসমাইলসহ আরও অনেকেই ইটপাটকেল ছোঁড়ে ও হামলা চালায়। সেখানে তারা ককটেল ফুটিয়ে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে। মরদানায় গত রাতেও ট্রাকের লোকজন বোমা ফাটিয়েছে। সেখানে প্রায় ৪-৫ বছর আগে থেকেই ঢাকা রেঞ্জের ডিআইজির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নে নির্বাচনের আগে ও পরে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও পোড়ানো হয়েছে। মোবারকপুরের ০৬ নম্বর ওয়ার্ড শিকারপুরের নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে আমাদের নেতা-কর্মীদের উপর হুমকি ধামকি দিচ্ছেন। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। গত দুই দিন আগেও টুটুল খান রাত্রি প্রায় সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ বাজারে আতঙ্ক সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে শোডাউন করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম টিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদারসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Daily Frontier News