পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলায় ৪০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ০১ এপ্রিল (শনিবার) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় জড়ো হচ্ছিলেন। এসময় ৪০-৫০টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের ক্যাডাররা এসে আমাদের নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা করে। এতে ৪০ নেতাকর্মী আহত হন।
তিনি আরও বলেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল ও পৌর বিএনপির সদস্য সচীব কামাল মুন্সিসহ ৩০ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয় । এছাড়াও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল সুমনের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা চালক মনিরুজ্জামান শাহীন (৩৫) ও ব্যক্তিগত সিকিউরিটি জয়নাল আবেদীনকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল বলেন, ছাত্রলীগ ক্যাডাররা লাঠি নিয়ে পুলিশের সামনেই বিএনপি কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল মাতুব্বর, জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম রুবেল, মঠবাড়িয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিকের সঙ্গে কথা হলে তিনি বলেন ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান জানান, স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়েছে বলে শুনেছি। গাড়ি ভাঙচুরের কোন তথ্য আমার কাছে নাই। শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে দলীয় অফিসের সামনে অনুষ্ঠিত ওই আলোচান সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics