মাসুদ পারভেজ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জামশেদ উদ্দিন (৩২) এবং মো. জমশেদ (২৮)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে নগরীর পশ্চিম মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয় ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই এলাকার রাস্তা থেকে সৌরাত মাহামুদ আবিদ নামের এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় বিকেলে মামলা নিয়ে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোরে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা থেকে আরও তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
ওসি জাহিদুল কবির জানান, মূলত গ্রেফতাররা দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল। চোরাই অটোরিকশা সুযোগ বুঝে বিক্রি করে দিতো তারা। গ্রেফতারদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানোর কথা রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics